ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আজই শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা। আইসিসি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল।
বুধবার অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির পর জানানো হয়, আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে। বাংলাদেশ যদি ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্ট থেকে দলটি বাদ পড়তে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার সুযোগও রাখছে আইসিসি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিসিবি আইসিসির কাছে এক দিনের সময় চেয়ে নেয়, যাতে তারা নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে পারে। বিসিবির এই অবস্থানের ওপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ।
এদিকে দেশের গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। বৈঠকে নিরাপত্তা, প্রস্তুতি ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে আসিফ নজরুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজকের মধ্যেই বিসিবির সিদ্ধান্ত আইসিসিকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে।

0 Comments