সিলেট প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় মাগরিবের নামাজ আদায় শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। বক্তব্যে তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণকে ধানের শীষে ভোট দিয়ে তাদের বিজয়ী করার অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এই চারজন জনপ্রতিনিধির মাধ্যমে হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, জনগণের রায়েই উন্নয়ন নিশ্চিত হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অতীতে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রির প্রচারণা চালাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে। এসব কার্যক্রম থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি ওই দলকে বয়কট করার আহ্বান জানান।
জনসভায় সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 Comments