চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভাস্থলের আশপাশ থেকে মাইক ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। জনসভা শুরুর আগেই ১৮টি মাইকের ইউনিট এবং ৫ কয়েল তার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে আয়োজক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও প্রস্তুতির দৃশ্য দেখা যায়। তবে মঞ্চ ও সাউন্ড সিস্টেমের প্রস্তুতি চলাকালে আয়োজকরা লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ কিছু মাইক ও বৈদ্যুতিক তারের কয়েল আর সেখানে নেই।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই জনসভাকে ঘিরে পলোগ্রাউন্ড এলাকায় পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ড্রোন উড়ানো, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন সামগ্রী বহন নিষিদ্ধ করা হয় এবং শনিবার রাত থেকেই আশপাশের কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হয়। এত কড়াকড়ির মধ্যেই চুরির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।
এ ঘটনায় সকালে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, সমাবেশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল এবং শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেষবারের মতো লাইন পরীক্ষা করে তারা স্থান ত্যাগ করেন।
আবদুর রাজ্জাক বলেন, মাইকের নিরাপত্তায় রাস্তায় তার দুইজন কর্মী টহলে ছিলেন। তবে রোববার সকালে পুনরায় পরীক্ষা করার সময় দেখা যায়, ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার নেই। বিষয়টি বিএনপির নেতাদের জানালে তারা থানায় লিখিত অভিযোগ করতে বলেন।
তিনি আরও জানান, চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় স্থাপন করা ছিল। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

0 Comments