ঢাবিতে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বক্তব্যটিকে মানহানিকর ও মিথ্যাচারমূলক আখ্যা দিয়ে সংশ্লিষ্ট নেতার প্রকাশ্যে ক্ষমা দাবি করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে ডাকসুর সদস্য, বিভিন্ন হল সংসদের নেতারা এবং একাধিক ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডাকসুর সদস্য হেমা চাকমা বলেন, ডাকসু ও নারী শিক্ষার্থীদের উদ্দেশে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বর্তমান সময়ে নারীরা তাদের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিয়ে সচেতন। প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রাম করে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সেই বাস্তবতাকে অস্বীকার করে কুরুচিপূর্ণ মন্তব্য করা স্পষ্টতই আপত্তিকর।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা দলের পরিচয় নির্বিশেষে নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে। একটি নারীবান্ধব ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে এ ধরনের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ দেশের বহু ঐতিহাসিক অধ্যায় জড়িয়ে আছে। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা অবমাননাকর মন্তব্য শিক্ষার্থীরা মেনে নেবে না।
তিনি আরও বলেন, ডাকসু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, যা হতাশাজনক। এ বিষয়ে প্রত্যেক হল সংসদ থেকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীরা দ্রুত সংশ্লিষ্ট জামায়াত নেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

0 Comments