Ticker

6/recent/ticker-posts

চট্টগ্রামের জনসভা থেকে তারেক রহমানের প্রতিশ্রুতি: ১ লাখ স্বাস্থ্যকেন্দ্র, খাল খনন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

চট্টগ্রামের জনসভা থেকে তারেক রহমানের প্রতিশ্রুতি: ১ লাখ স্বাস্থ্যকেন্দ্র, খাল খনন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, খাল খনন কার্যক্রম পুনরায় চালু এবং যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। তিনি বলেন, শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উপকার হবে না।

রোববার দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগরীর পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বিএনপির অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন প্রকৃত রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সেই পরিবর্তনের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

এর আগে রোববার সকাল ১০টার দিকে জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হলে মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। ভোর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পোলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন, ফলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। ‘ভোট দিব কিসে, ধানের শীষে’ এবং ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’সহ নানা স্লোগানে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজীর দেউড়ি ও লালখান বাজারসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে পোলোগ্রাউন্ড মাঠে আসেন।

Post a Comment

0 Comments

×
×