ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নতুন করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
সিআইডি জানায়, শনাক্ত হওয়া শহীদরা হলেন শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন।
এ সময় সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এসব নমুনার মাধ্যমে অজ্ঞাত পরিচয় শহীদদের পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালানো হচ্ছে।
সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাত পরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত নমুনা বিশ্লেষণের মাধ্যমে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

0 Comments