ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন অবস্থান বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলে উল্লেখ করা হয়।
এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে। এর ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডের অংশ নন।

0 Comments