ঢাকা প্রতিনিধি| বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
দেশের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা কমানো এবং যাত্রীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সংস্কারের ওপর জোর দিয়ে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এসব প্রস্তাবে আধুনিক ইলেকট্রিক এসি বাস চালু থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থায় দুর্নীতিমুক্ত প্রযুক্তি ব্যবহার এবং মহাসড়কে আলাদা লেন চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, পরিবেশবান্ধব ও প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রিক এসি বাসের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হলে নগর ও আন্তঃনগর যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক হবে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয় ও দূষণ কমানোর ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
আরেকটি গুরুত্বপূর্ণ দাবিতে বলা হয়েছে, ট্রাফিক পুলিশের গতানুগতিক কার্যক্রম বন্ধ করে আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বয়ংক্রিয় সিগন্যাল, ডিজিটাল নজরদারি এবং অনলাইন জরিমানা ব্যবস্থার মাধ্যমে এ খাতে শৃঙ্খলা আনার কথা উল্লেখ করা হয়।
সড়কে যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে বৈধ ও অবৈধ যানবাহনের জন্য আলাদা লেন প্রবর্তনের প্রস্তাবও এসেছে। এতে করে অননুমোদিত যানবাহনের দৌরাত্ম্য কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে বলে সংশ্লিষ্টদের মত।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, প্রতিটি জাতীয় মহাসড়কে ছোট যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন তৈরি করা প্রয়োজন। এতে ভারী যানবাহনের সঙ্গে ছোট যানবাহনের সংঘর্ষ কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে।
পাশাপাশি গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রী সাধারণের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। এতে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments