ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির জনগণের জন্য বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে স্টারলিংক। এই সেবা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ভেনেজুয়েলার নাগরিকরা কোনো খরচ ছাড়াই উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সাধারণ মানুষ অনলাইন যোগাযোগ ও তথ্যপ্রবাহে যুক্ত থাকতে পারবে।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সামরিক অভিযান ও রাষ্ট্রপ্রধানকে আটক করার পর দেশটিতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের পর ভেনেজুয়েলায় সামাজিক যোগাযোগ ও তথ্য আদান–প্রদানের স্বাভাবিকতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতে, বিনামূল্যের এই ইন্টারনেট সেবা ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জন্য স্বস্তির সুযোগ তৈরি করবে।

0 Comments