খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করার পর নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া বাঘটির সামনের বাম পা শিকারের ফাঁদে আটকে ছিল। এতে পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। বনবিভাগের ধারণা, প্রায় চার থেকে পাঁচ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল। শনিবার দুপুরের পর বিষয়টি বনবিভাগের নজরে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছে। উদ্ধার শেষে তাকে বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকরা তার শরীরে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দিচ্ছেন। খুলনায় চিকিৎসা শেষে বাঘটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বনবিভাগ জানায়, শনিবার দুপুরের পর খবর আসে যে মোংলার শরকির খাল দিয়ে প্রায় আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে আছে। এ ঘটনায় রবিবার দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উদ্ধার কাজে অংশ নেন।
বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। এরপর সতর্কতার সঙ্গে তাকে ফাঁদ থেকে মুক্ত করে চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

0 Comments