ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাইয়ের নামে সংঘাতে জড়াতে চায়, তাহলে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান।
সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখনো সম্ভব। তবে কোনো ধরনের সামরিক চাপ বা আগ্রাসনের মুখে ইরান আত্মরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে। তার ভাষায়, ওয়াশিংটন অতীতেও ইরানের সামরিক শক্তি পরীক্ষা করেছে এবং প্রয়োজনে আবারও করলে তেহরান প্রস্তুত রয়েছে।
তিনি দাবি করেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনার চেষ্টা করছে, তাদেরও সতর্ক করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।
দেশের ভেতরের চলমান বিক্ষোভ প্রসঙ্গে আরাগচি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে। তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভের তীব্রতা ক্রমেই বাড়তে থাকে। বর্তমানে এসব আন্দোলনে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি সরকার কঠোর দমননীতি গ্রহণ করলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথও বিবেচনা করতে পারে।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার সরকার জনগণের দাবি ও অভিযোগ শোনার জন্য প্রস্তুত এবং চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা

0 Comments