Ticker

6/recent/ticker-posts

এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, আজ থেকেই সারাদেশে বিক্রি শুরু

এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, আজ থেকেই সারাদেশে বিক্রি শুরু
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

এলপি গ্যাস ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে আজ বৃহস্পতিবার থেকেই সারাদেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এলপি গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বুধবার রাতে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার প্রতিবাদে তারা সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, এলপি গ্যাসের দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ করা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে—এমন শর্ত ছিল তাদের। পাশাপাশি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবিও তুলে ধরেন তিনি।

এদিকে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ধর্মঘট চলাকালে বৃহস্পতিবার থেকে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ব্যবসায়ী সংগঠনটি। তবে বৈঠকের পর সেই কর্মসূচি প্রত্যাহার করা হওয়ায় ভোক্তা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

Post a Comment

0 Comments

×
×