Ticker

6/recent/ticker-posts

ডাকাত মাসুম বাহিনীর প্রধান আটক, অস্ত্রসহ উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণ: ডাকাত মাসুম বাহিনীর প্রধান আটক, অস্ত্রসহ উদ্ধার


খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

সুন্দরবনের গোলকানন রিসোর্টের মালিক ও দুই পর্যটককে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় ডাকাত মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও জিম্মিদের মালামাল উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকাযোগে ভ্রমণের সময় ডাকাত মাসুম বাহিনী রিসোর্টের মালিকসহ দুই পর্যটককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর কোস্ট গার্ড গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে যৌথ অভিযান শুরু করে। টানা ৪৮ ঘণ্টার অভিযানের মাধ্যমে জিম্মিকৃত সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

অভিযানের অংশ হিসেবে ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মোঃ সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), মোঃ ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) এবং মোছা দৃধা (৫৫) কে সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ৭ জানুয়ারি তেরখাদা থানাধীন ধানখালী এলাকা থেকে ডাকাত বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন ও একটি হাতঘড়িও উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সংবাদ সম্মেলনে জানান, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments

×
×