রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, নির্ধারিত দিনে দেশের চাবি তাদের হাতেই তুলে দেবে জনগণ। তিনি দাবি করেন, দেশবাসী এবার পরিবর্তন চায় এবং জামায়াত সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে চায়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নির্বাচনে বিজয়ী হলে ১৮ কোটি মানুষই বিজয়ী হবে। তার ভাষায়, এটি কেবল একটি দলের জয় নয়, বরং দেশের মানুষের সম্মিলিত বিজয়।
আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ একটি নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রতি জামায়াতের ওপর আস্থা নড়বড়ে করার চেষ্টায় শেরপুরে হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এসব বাধা দলটির অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং গণসমর্থনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

0 Comments