Ticker

6/recent/ticker-posts

টাইম ম্যাগাজিনে তারেক রহমান: নির্বাসন শেষে প্রত্যাবর্তন ও ক্ষমতার দ্বারপ্রান্তে বিএনপি নেতা


ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার (২৮ জানুয়ারি) তাকে নিয়ে প্রকাশিত এক বিস্তৃত বিশেষ প্রতিবেদনে এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে।

টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক দুর্বলতা ও ভাঙা কণ্ঠস্বর সত্ত্বেও সক্রিয় রাজনীতিতে ফেরার বিষয়ে তারেক রহমানের সংকল্প দৃঢ়। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের প্রশ্নে তিনি অনড় অবস্থানে রয়েছেন।

একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান টাইমকে বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ যে আস্থা রেখেছে, সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান শক্তি। তিনি স্পষ্ট করেন, পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং দলের সমর্থন ও তৃণমূলের চাহিদার কারণেই তিনি নেতৃত্বে এসেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তাকে পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখিয়েছে টাইম। সাম্প্রতিক জনমত জরিপের বরাতে বলা হয়েছে, তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জনসমর্থন ১৯ শতাংশ।

প্রায় ৩ হাজার ৩০০ শব্দের প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার মানের অবনতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়াকে তারেক রহমানের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়।

নীতিগতভাবে তাকে একজন ‘টেকনোক্র্যাটিক’ রাজনীতিক হিসেবে উপস্থাপন করেছে টাইম। খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, ঢাকায় নতুন সবুজ অঞ্চল তৈরি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে স্বাস্থ্যখাতে অংশীদারত্বের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। তারেক রহমানের মতে, এসব পরিকল্পনার অন্তত ৩০ শতাংশ বাস্তবায়ন করা গেলেই জনগণের আস্থা অর্জন সম্ভব।

প্রতিবেদনের শেষাংশে শেখ হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, ছাত্র আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থি রাজনীতির উত্থান নিয়ে আলোচনা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনো অসম্পূর্ণ উল্লেখ করে বলা হয়, নির্বাচন-পরবর্তী বাংলাদেশ কোন পথে এগোবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রতিবেদনের উপসংহারে তারেক রহমান স্পাইডার-ম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে— যা তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন।

Post a Comment

0 Comments

×
×