টাঙ্গাইল) প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ৪ নম্বর গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জনপ্রিয় নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা শোকাহত হৃদয়ে দোয়া মাহফিলে যোগ দিতে মাঠে জড়ো হন। কালো ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা শোকের আবহে ছেয়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারিয়েছে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়া হাজারো মানুষ আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ‘আমিন’ ধ্বনিতে পুরো বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।

0 Comments