ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাধিক সতর্কতামূলক সুপারিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
আইসিসির নিরাপত্তা বিভাগ সম্প্রতি বিসিবিকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণ তুলে ধরা হয়, যা বাংলাদেশ দলের অংশগ্রহণকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আইসিসির ধারণা।
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিম তাদের পর্যবেক্ষণে এই উদ্বেগের কথা বিসিবিকে লিখিতভাবে জানিয়েছে। তিনি বলেন, চিঠিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক ও সামগ্রিক পরিবেশের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
আইসিসির দেওয়া তিনটি সুপারিশের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো, বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করার পরামর্শ। নিরাপত্তাজনিত কারণে তাকে দলে রাখলে ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করেছে আইসিসি। এছাড়া বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা নিয়ে দর্শকদের চলাচল সীমিত ও সতর্ক রাখার কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই রাজনৈতিক প্রেক্ষাপটও নিরাপত্তা শঙ্কা বাড়াতে পারে বলে আইসিসির মূল্যায়ন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অনাগ্রহী।
সব মিলিয়ে আইসিসির এই চিঠি ও সুপারিশের পর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আরও জটিল হয়ে উঠেছে। বিসিবি ও সরকার এখন নিরাপত্তা, কূটনৈতিক পরিস্থিতি এবং ক্রিকেটীয় স্বার্থ বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 Comments