ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি সোমবার ট্রাইব্যুনালের ১১ নম্বর কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। শুনানির শুরুতে আসামিপক্ষের দায়ের করা অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ শুরু করেন।
শুনানির দিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি শুনানিতে আসামিদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার আবেদন জানান এবং একই সঙ্গে অব্যাহতি প্রার্থনা করেন।
অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য সোমবারের দিন নির্ধারণ করেছিলেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটির অভিযোগ আমলে নেন। একই দিন সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়।

0 Comments