বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN) ডেস্ক
দেশের বাজারে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। নতুন এই মূল্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। এর ফলে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আওতায় জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জানুয়ারিতে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১৪ টাকা।
এছাড়া অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ভবিষ্যতেও বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।

0 Comments