Ticker

6/recent/ticker-posts

চার দফা দাবি ঘোষণা করে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

চার দফা দাবি ঘোষণা করে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি চার দফা দাবি ঘোষণার মাধ্যমে শেষ করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এতে মূল মোড়ে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পাশের সংযোগ সড়কের লেন খোলা থাকায় চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার থেকেই শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এর আগে শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে দেশের আটটি বিভাগীয় শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রবিবার শাহবাগে শুরু হওয়া অবরোধ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। পরে চার দফা দাবি উত্থাপন করে কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের প্রত্যর্পণে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের; এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

চার দফা দাবি ঘোষণা শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করলে এলাকা ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। আন্দোলনকারীরা সরে যাওয়ার কিছু সময়ের মধ্যেই শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×