জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট রাজনৈতিক দলের জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুন করে জোটে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন যুক্ত হওয়া দল দুটির নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য আরও বিস্তৃত হচ্ছে। নতুন দল যুক্ত হওয়ায় জোটের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে আট দলীয় এই জোটে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
নতুন দুটি দল যুক্ত হওয়ায় জোটের রাজনৈতিক পরিসর ও কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএনএন.....................BNN

0 Comments