Ticker

6/recent/ticker-posts

আগামী ১০ দিনের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

আগামী ১০ দিনের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

সভা শেষে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি জানান, মামলাটির তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য একসঙ্গে প্রকাশ করা সম্ভব না হলেও প্রাপ্ত আলামত, সাক্ষ্য ও জবানবন্দি বিশ্লেষণ করে আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে চার্জশিট দাখিলের আশা করা হচ্ছে।

এ পর্যন্ত মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেপ্তারদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও সহযোগীরা রয়েছেন। তাদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।

তিনি আরও জানান, তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেকও উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং তদন্ত বা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। এতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×