এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাজনূভা জাবীন
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে এনসিপির প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল।
স্ট্যাটাসে ডা. তাজনূভা জাবীন জানান, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের চেয়ে বেশি আপত্তি তার জোট গঠনের প্রক্রিয়া নিয়ে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মনোনয়নপ্রাপ্ত বহু প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত চূড়ান্ত করে স্বতন্ত্র প্রার্থিতার পথও বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, দলীয় নীতি, বিশ্বাস ও জবাবদিহিতার অভাবের কারণেই তার পক্ষে এনসিপিতে থাকা আর সম্ভব হয়নি। দলের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও বর্তমান নেতৃত্বের রাজনৈতিক অবস্থান ও অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে তিনি একমত নন বলে উল্লেখ করেন।
ডা. তাজনূভা জাবীন আরও জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং নির্বাচনী কাজে পাওয়া সব অনুদান পর্যায়ক্রমে ফেরত দেবেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে সক্রিয় থাকার কথা জানান।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বিএনএন.....................BNN

0 Comments