ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র জমা
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন আসনটির বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুস সালাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং এই সময়ে তাকে নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের মুখে পড়তে হয়েছে। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি আশাবাদী যে ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন তারেক রহমান। নির্বাচিত হলে তিনি দেশের চলমান সংকট মোকাবিলায় সরকারপ্রধান হিসেবে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিলের নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
বিএনএন.....................BNN
.jpg)
0 Comments