১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে নয়াপল্টন এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
এ উপলক্ষে দলীয় কার্যালয় সাজানো হয় বর্ণিল আয়োজনের মাধ্যমে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয় এবং পুরো এলাকা সিএসএফের তত্ত্বাবধানে ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবের ডগ স্কোয়াড দিয়ে আগেই কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তারেক রহমান। সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার উপস্থিতির মধ্য দিয়ে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেন।
বিএনএন.....................BNN

0 Comments