মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সোমবারই ছিল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময়সীমা আর বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত নেই।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
ইসি সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল দায়েরের সময় দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনএন.....................BNN

0 Comments