সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সর্বশেষ তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ছিল বলে জানিয়েছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তিনি ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৮২ সালের জানুয়ারিতে বিএনপির সদস্য হিসেবে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।
আশির দশকে সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ নামে পরিচিত হন। এই আন্দোলনের সময়ে তাকে একাধিকবার গ্রেপ্তার ও গৃহবন্দী করা হয়।
১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তার শাসনামলে শিক্ষা খাতে নানা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়, যার মধ্যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য।
২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্ব দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পান। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় তার নাম উঠে আসে।
২০১৮ সালে একটি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একে একে সব মামলায় তিনি খালাস পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও আলোচিত নেত্রী হিসেবে নিজের অবস্থান রেখে গেছেন।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনএন.....................BNN

0 Comments