বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলটির চেয়ারপার্সনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ইন্তেকালের সময় হাসপাতালে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ অন্যান্য স্বজনরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
বার্তায় আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
বিএনএন.....................BNN

0 Comments