Ticker

6/recent/ticker-posts

খালেদা জিয়ার জানাজা, লাখো মানুষের অংশগ্রহণ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, লাখো মানুষের অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে শুরু হওয়া এই জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে জড়ো হন। শোকাহতদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে। দাফন কার্যক্রম ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং বুধবার সাধারণ ছুটি দেয়।

একইসঙ্গে বিএনপি দলীয়ভাবে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করে, যার অংশ হিসেবে দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে।

Post a Comment

0 Comments

×
×