বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN) ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহবাহী লাল-সবুজ গাড়ি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৌঁছেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে গাড়িটি জানাজাস্থলে পৌঁছায়। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বেলা ১১টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মরদেহবাহী গাড়িটি রওনা হয়। পুরো পথে ও জানাজাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় করছে প্রশাসন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।
সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

0 Comments