সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ও প্রশাসনিক পর্যায়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানায়, জানাজা আয়োজন ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

0 Comments