রাষ্ট্রীয় শোকের কারণে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ পরীক্ষা আগামী ৫ জানুয়ারি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা একই সময়ে ও পূর্বনির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই। আগের প্রবেশপত্রেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে। পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা কোনো বিভ্রান্তিতে না পড়ে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনএন.....................BNN

0 Comments