সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন খালেদা জিয়া: নাহিদ ইসলাম
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপসহীন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে দিকনির্দেশনা দিয়েছে। নব্বইয়ের গণ–অভ্যুত্থানের পর সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু প্রতিকূলতা, কারাবরণ ও রাজনৈতিক চাপের মুখেও খালেদা জিয়া নিজের আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। বিশেষ করে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অনড় অবস্থানে।
নাহিদ ইসলাম তাঁর শোকবার্তায় বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ তাঁর সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনএন.....................BNN

0 Comments