দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় খালেদা জিয়া: চার দশকের বেশি সময় বিএনপির নেতৃত্বে
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে সক্রিয় হন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত জীবন থেকে সরাসরি রাজনীতির মূলধারায় এসে অল্প সময়ের মধ্যেই তিনি দলের শীর্ষ নেতৃত্বে পৌঁছান। রাজনীতিতে যুক্ত হওয়ার প্রায় আড়াই বছরের মাথায় বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দলীয় সূত্র ও বিএনপির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছর মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। ধারাবাহিক রাজনৈতিক অগ্রযাত্রায় ১৯৮৪ সালের ১২ জানুয়ারি তাঁকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয়। একই বছরের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন।
গত মে মাসে বিএনপির চেয়ারপারসন হিসেবে তাঁর দায়িত্বকাল ৪১ বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি তিন দফা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে অংশ নেওয়া কোনো জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিগতভাবে পরাজয়ের মুখে পড়েননি তিনি।
১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবেও ইতিহাসে স্থান করে নেন। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাঁর অবস্থান ছিল ২৯তম।
তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। সে সময় দুটি মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। টানা দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রেক্ষাপটে তৎকালীন সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর সরকারের সিদ্ধান্তে তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়ে আসছে।
বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার এই দীর্ঘ পথচলা দলটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বিএনএন.....................BNN

0 Comments