বন্দরনগরী চট্টগ্রামে সর্বত্র শোকের ছায়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বন্দরনগরী চট্টগ্রামজুড়ে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় উঠে আসছে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার স্মৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি নগরীর অফিসপাড়া, বাজার, দোকান ও পাড়ামহল্লায় দিনভর ছিল শোকের পরিবেশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকাহত অবস্থায় জড়ো হতে থাকেন। নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
এদিন সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন মসজিদেও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশবাসীকে শোকের এই সময়ে সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
বিএনপির মনোনয়নে নির্বাচিত চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমও পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা রাজনৈতিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল।
এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির শীর্ষ নেতারা এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে।
চট্টগ্রামজুড়ে নানা কর্মসূচি ও আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণ শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় রাজনীতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
বিএনএন.....................BNN

0 Comments