Ticker

6/recent/ticker-posts

শহীদ ওসমান হাদি, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার প্রস্তুতি

সিঙ্গাপুর থেকে ফিরছে শহীদ ওসমান হাদি, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার লাশ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনটি জানায়, সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো কফিন নিয়ে ফ্লাইটটি রওনা দেবে। ঢাকায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

ইনকিলাব মঞ্চের এক দায়িত্বশীল নেতা বলেন, “হাদির আত্মত্যাগ আমাদের আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই, তার হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত হোক।” তিনি আরও জানান, জানাজা ও দাফন ঘিরে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। “আমরা সব দিক বিবেচনায় নিয়ে কাজ করছি। দোষীদের আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।

শহীদ ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে এটিকে গণতান্ত্রিক রাজনীতির জন্য এক বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments

×
×