Ticker

6/recent/ticker-posts

তারেক রহমানের প্রতি আস্থা জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক

তারেক রহমানের প্রতি আস্থা জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক



বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক। একইসঙ্গে তিনি দলের সব পদ ছাড়ার পাশাপাশি এনসিপির মনোনয়ন প্রত্যাখ্যান করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রবাস থেকে দেশে ফেরার দিনেই তার এই ঘোষণা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এনসিপি থেকে সরে দাঁড়ানোর আগে মীর আরশাদুল হক দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য এবং পরিবেশ সেলের প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী করা হয়েছিল।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মীর আরশাদুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, তা গত ১০ মাসে বাস্তবায়িত হয়নি। তার মতে, দলটি সেই অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ভুল পথে পরিচালিত হচ্ছে, যার অংশ হতে তিনি আর রাজি নন।

তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে ‘বিশেষ দিন’ উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়ে তারেক রহমানের স্পষ্ট ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি তাকে আকৃষ্ট করেছে।

এদিকে মীর আরশাদুল হকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন জানান, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সমঝোতা মেনে নিতে না পারায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে মীর আরশাদুল হকের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×