নিজস্ব প্রতিনিধি
খুলনার পূর্ব রূপসায় রাতের আঁধারে সাগর শেখ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা এলাকার চৌরাস্তার পাশে এই ঘটনা ঘটে। নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করতেন।
গোলাগুলির শব্দ শুনে স্থানীয় আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে খবর দেন। পরে ৯৯৯ থেকে রূপসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
রূপসা থানার এসআই সৌরভ দাশ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। তিনি বলেন, সাগর শেখ সম্প্রতি ওই এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন। তবে তার ওপর হামলার কারণ নিয়ে এখনো কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এএসআই গৌতম বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করা গেছে। আশপাশের লোকজনও আতঙ্কিত হয়ে পড়ে।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



0 Comments