নিজস্ব প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে তাকে বিমানবন্দরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে বহন করে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে উড়বে বলে তারা নিশ্চিত করেছে।
পরিবারের সদস্যরা জানান, হাদির সঙ্গে যাচ্ছেন তার ঘনিষ্ঠ সহযোগী আমিনুল হাসান ফয়সাল ও ছোট ভাই ওমর বিন হাদি। তারা বলেন, হাদির শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত বিদেশে নেওয়া ছাড়া উপায় ছিল না।
এভারকেয়ার হাসপাতালের এক দায়িত্বশীল চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার অবস্থা জটিল। বিশেষায়িত চিকিৎসা জরুরি ছিল। প্রয়োজনীয় প্রাথমিক স্থিতিশীলতা নিশ্চিত করার পর বিদেশে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাজনৈতিক কর্মীরা জানান, পল্টনে শুক্রবার দুপুরে হামলার পরপরই হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারা দাবি করেন, এটি পরিকল্পিত হামলা, যা আন্দোলনের নেতৃত্ব ভাঙার চেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় জরুরি টেলিকনফারেন্সে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা বলেন, একজন রাজনৈতিক নেতার জীবনরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তা নিশ্চিত করতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত কয়েক মাসে জুলাই আন্দোলনের নেতৃস্থানীয় মুখ হিসেবে হাদি পরিচিতি পান। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

0 Comments