নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ প্রায় ১৮ বছর প্রবাসে অবস্থানের পর তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
লন্ডনে বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ সময় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এ সময় তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থেকেও দলের নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং আগামীতেও জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান।
সভায় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। তবে এই পথ সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে এবং সেই কঠিন পথ পাড়ি দিতে সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবভিত্তিক প্রস্তুতি প্রয়োজন। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব সিদ্ধান্তই বিএনপিকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত তারিখেই তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্ব সরাসরি মাঠে থাকলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং নির্বাচনমুখী আন্দোলনে গতি আসবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
দলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, তারেক রহমানের আগমন ঘিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে।

0 Comments