Ticker

6/recent/ticker-posts

হাদিকে হত্যাচেষ্টা: গুলির ম্যাগাজিন-অস্ত্র উদ্ধার, সন্দেহভাজনের বাবা গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা: গুলির ম্যাগাজিন-অস্ত্র উদ্ধার, সন্দেহভাজনের বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-২। অভিযানে ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু জব্দ করা হয়। পাশাপাশি প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসার আশপাশে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার দিন ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে ওই বাসা থেকে বের হওয়ার দৃশ্য পাওয়া যায়। পরে বিকেল ৪টা ৫ মিনিটে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু সরাতে দেখা যায়। সন্ধ্যায় ফয়সাল ও তার সহযোগী সিএনজিচালিত অটোরিকশায় এলাকা ত্যাগ করেন।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ঘটনাটির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরোনো বাটন ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, তদন্তের স্বার্থে ফয়সালের মাকে রাতেই র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদীতে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানায়, ফয়সালের শ্যালকের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ ডিসেম্বর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে গুলি ছোড়া হয়। আকস্মিক হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন নিরাপদ স্থানে সরে যায়।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ফয়সালসহ অজ্ঞাতপরিচয় আসামিদের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments

×
×