নিজস্ব প্রতিনিধি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নের বরাত দিয়ে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও তার চিকিৎসা দলের সদস্য ডা. আব্দুল আহাদ।
ডা. আহাদ জানান, হাদি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নিউরোসার্জনদের পর্যবেক্ষণে তার মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন এবং ব্রেন ইডেমা অপরিবর্তিত রয়েছে। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা ‘টাইম উইন্ডো’কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।
তিনি আরও জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। ভর্তি হওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির বাম পাশে ইস্কেমিক পরিবর্তন আগের মতোই রয়েছে এবং মস্তিষ্কে ফোলা কমেনি। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসাকে জটিল করে তুলেছে।
এসজিএইচের চিকিৎসকদের বরাত দিয়ে ডা. আহাদ বলেন, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। তার জিসিএস স্কোরে এখনো কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নিউরোলজিক্যাল প্রতিক্রিয়ায় উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি—কোনোটিই দেখা যাচ্ছে না। এই পর্যায়ে সময়ই সবচেয়ে বড় ফ্যাক্টর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে বলে জানান ডা. আহাদ। এ কারণেই বাংলাদেশে থাকাকালে তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতা বিবেচনায় রেখে শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চালু রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থার উন্নতি হয়েছে বা তিনি চোখ খুলেছেন—এমন দাবিকে গুজব বলে নাকচ করেছেন ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, “হাদির অবস্থা এখনও স্ট্যাটিক। জ্ঞান ফেরার বিষয়ে এই মুহূর্তে কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।”
সিঙ্গাপুরে চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাদির চিকিৎসায় সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে এবং প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠজন ও রাজনৈতিক সহকর্মীরা। তারা জানান, চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রেখে দেশবাসীকে হাদির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা

0 Comments