নিজস্ব প্রতিনিধি
ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে বা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির যেকোনো ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে এবং দায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা অস্থিরতা তৈরি করতে চায়, তারা সফল হবে না; সরকার ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।
ভাষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এ হামলা কোনো ব্যক্তির ওপর সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হামলার ঘটনায় সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তদন্ত দ্রুত এগোচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
হামলার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং আকস্মিক। তারা জানান, হামলার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ভাষণে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।
তরুণদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের রক্ষা করতে পারলেই দেশ ও গণতন্ত্র সুরক্ষিত থাকবে। তিনি বলেন, অস্ত্রহীন ও ভীতিহীন তরুণদের ভূমিকাই পরাজিত শক্তির জন্য সবচেয়ে বড় বাধা। নির্বাচন সামনে রেখে এসব শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, আর মাত্র দুই মাস বাকি। সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে এবং বাকি সময়টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।

0 Comments