Ticker

6/recent/ticker-posts

হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

সন্ধ্যার পর শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে। রাত সাড়ে ৮টার পরও চারদিক থেকে শাহবাগ মোড় ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যদিও আশপাশের কিছু সড়কে সীমিত যান চলাচল দেখা গেছে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা রাতভর অবস্থানের ঘোষণাও দেন।

কর্মসূচিতে শহিদ ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, বিচার প্রশ্নে সরকারের আন্তরিকতার ঘাটতি স্পষ্ট। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৯ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় আগে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হওয়ায় লাগাতার আন্দোলনে নামেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×