Ticker

6/recent/ticker-posts

কিশোরগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন সাবেক লাক্স তারকা সোহানিয়া

কিশোরগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন সাবেক লাক্স তারকা সোহানিয়া


দৈনিক জাতীয় সংবাদ : নিজস্ব প্রতিনিধি

সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া এবার সরকারি প্রশাসনে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তার যোগদানের কথা রয়েছে আজ ৪ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে দেশের ৭৭টি উপজেলায় ইউএনও বদলির অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ হলেও সোহানিয়ার মূল যাত্রা শুরু হয় পড়াশোনায় মনোযোগী হয়ে। ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন তিনি। একই বছর ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতে পুরস্কারও জেতেন। কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও নিয়মিত হননি। বিশ্ববিদ্যালয়জীবন থেকেই মূল ফোকাস ছিল ক্যারিয়ার গঠনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সোহানিয়া ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে মনোনীত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

পারিবারিকভাবেও তিনি মেধা ও সংস্কৃতির পরিবেশে বড় হয়েছেন। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনা, গান, নাচ, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। গান ও একক অভিনয়ে জাতীয় পুরস্কার, কাব স্কাউটে রানার্স আপ হওয়া এবং নাচে দক্ষতা—সব মিলিয়ে ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার পরিচয় দেন তিনি। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনও তার শিক্ষাজীবনের উজ্জ্বল অংশ।

কিশোরগঞ্জের স্থানীয় এক জনপ্রতিনিধি দৈনিক জাতীয় সংবাদকে বলেন, “একজন যোগ্য ও কর্মঠ কর্মকর্তাকে আমরা পাচ্ছি। তার যোগদান এই উপজেলার প্রশাসনিক কাজে নতুন গতি আনবে বলে আশা করছি।”

নীলফামারী জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক জাতীয় সংবাদকে জানান, “সোহানিয়া তার আগের কর্মস্থলে দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। কিশোরগঞ্জেও তিনি একইভাবে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

Post a Comment

0 Comments

×
×