চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক নেতার করা এই মামলাকে ঘিরে ইতোমধ্যে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার শাহ সিদ্দিক বাড়ির আবদুর রহিমের ছেলে।
মামলায় মোট সাতজন সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন—দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ এবং চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু পোস্টের মাধ্যমে সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত উসকানি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ২৬(১) ও ২৬(২) সংশোধিত ধারায় মামলা করা হয়েছে।
এদিকে সাত সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

0 Comments