খুলনার পাইকগাছা উপজেলার হোগলা চক গ্রামের তরুণ আব্দুল গফুর গাজীর জীবন এখন সংকটাপন্ন অবস্থায়। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগতে থাকা এই যুবকের চিকিৎসা কার্যত থমকে গেছে অর্থাভাবে। পরিবার ও স্বজনদের চোখে এখন একটাই প্রশ্ন—কীভাবে বাঁচবে এই তরুণ প্রাণ।
চিকিৎসা সূত্রে জানা গেছে, এরই মধ্যে আব্দুল গফুরের বাম পাশের ফুসফুসে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু বর্তমানে তার ডান পাশের ফুসফুসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে অপারেশন না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং জীবনহানির আশঙ্কা রয়েছে।
অপারেশন সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা, যা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আব্দুল গফুর তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা ও মা উভয়েই ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এই পরিবারে নিত্যদিনের খরচই যেখানে কষ্টে চলে, সেখানে চিকিৎসার এত বড় ব্যয় বহন করা তাদের জন্য দুঃস্বপ্নের মতো।
পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে প্রথম অপারেশনের খরচ জোগাতে তারা ধারদেনা করেছেন এবং যা ছিল সামান্য সঞ্চয় তাও শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় অপারেশনের জন্য আর কোনো পথ খোলা নেই। অসহায় এই পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছে।
আব্দুল গফুর গাজী নিজেও বাঁচতে চান, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তার এই বাঁচার আকুতি এখন সবার কাছে এক মানবিক আহ্বানে পরিণত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)-এর পক্ষ থেকে দেশের সকল হৃদয়বান ও বিত্তবান মানুষের প্রতি বিশেষ আবেদন জানানো হচ্ছে—আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি তরুণ প্রাণ বাঁচাতে। মানবিক এই উদ্যোগে এগিয়ে এসে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।
সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি যোগাযোগ করতে পারেন:
রোগীর নাম: মোঃ আব্দুল গফুর গাজী
বিকাশ/নগদ/হোয়াটসঅ্যাপ: ০১৭২৫-০২৪৯১৭

0 Comments