খুলনার কয়রা উপজেলায় সৌদি আরব সরকারের পাঠানো খেজুর স্থানীয় মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অন্তর্গত মোট ৬৪টি প্রতিষ্ঠানে খেজুর পৌঁছে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসন সার্বিক সমন্বয় ও তদারকি করে।
এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। এছাড়াও বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রধান, স্থানীয় প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, প্রতিষ্ঠানের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় কিছু প্রতিষ্ঠান এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে বাদ পড়া প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, বরাদ্দকৃত খেজুর স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে সরাসরি তুলে দেওয়া হয়েছে। এতে বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হয়নি।
এ উদ্যোগে উপকৃত মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

0 Comments