Ticker

6/recent/ticker-posts

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার রাতে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যরা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। পোস্টে এসটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তির তথ্য তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং অপরজন ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। তারা দুজনই শরীফ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে হত্যার পর তারা পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় গিয়ে আশ্রয় নেন।

পুলিশ জানিয়েছে, সুযোগ পেলে তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।

রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত দুজনকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments

×
×