নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
খুলনা জেলা বিএনপির আয়োজিত একটি ইফতার মাহফিলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছের আলী মোড়লের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, সম্প্রতি খুলনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছের আলী মোড়ল। স্থানীয়দের একটি অংশ তাকে পতিত আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করে তার উপস্থিতি নিয়ে সমালোচনা করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে BNN অনুসন্ধানে স্থানীয় রাজনৈতিক মহলে অসন্তোষ ও প্রশ্নের বিষয়টি সামনে এসেছে।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, অতীতে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে বিএনপির রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে আছের আলী মোড়লের বিরুদ্ধে। সে কারণে জেলা বিএনপির আয়োজিত এমন একটি অনুষ্ঠানে তার উপস্থিতি অনেকের কাছে অপ্রত্যাশিত বলে মনে করছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সিরাজুল ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার কয়েকজন অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, আছের আলী মোড়লকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি। সেই সূত্রেই তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, ইফতার মাহফিলে আছের আলী মোড়ল ও গাজী সিরাজুল ইসলামকে পাশাপাশি বসে ইফতার করতে দেখা গেছে। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কিছু বিএনপি সমর্থক সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে সচেতন মহলের কেউ কেউ মন্তব্য করেছেন, বিতর্কিত ব্যক্তিদের দলীয় অনুষ্ঠানে সম্পৃক্ততা সংগঠনের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে জেলা বিএনপি বা সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে দলীয় মহলে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে এবং বিষয়টি নিয়ে BNN অনুসন্ধান অব্যাহত রয়েছে।

0 Comments